
সাইফুর রহমান সিংগাইর প্রতিনিধি
‘আমাদের তালেবপুর, আমাদের মর্যাদা’এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুরল ইউনিয়নে জনকল্যাণমূলক সামাজিক সংগঠন ‘প্রযত্নে ১৮২০’-এর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তালেবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে ওই ওয়ার্ডে ২০০টি বৃক্ষরোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, ইউনিয়নজুড়ে সবুজায়ন বৃদ্ধি এবং তরুণ সমাজকে ইতিবাচক ও জনকল্যাণমূলক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।আয়োজকরা জানান, ৭ নম্বর ওয়ার্ডে ২০০টি গাছ লাগানোর মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচি আগামী সাত দিনব্যাপী চলবে। এ সময়ের মধ্যে তালেবপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে। এর মাধ্যমে পুরো ইউনিয়নকে সবুজায়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডা. মমি আনসারি। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতা ও ‘প্রযত্নে ১৮২০’-এর প্রধান সমন্বয়ক মুফতীজুল কবীর কিরণ।এ সময় আরও উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, তালেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, তালেবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেওয়ান ফরিদুর রহমান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহাবুবুর রহমান, সিনিয়র সাধারণ সম্পাদক মাহবুবসহ স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ।
তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান কর্মসূচি উপলক্ষে সিংগাইর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুর রহমান বলেন,সমাজকে বদলে দিতে হলে সামাজিক কর্মকাণ্ডে সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্পৃক্ততা বাড়াতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি করা প্রয়োজন। তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তারা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।আয়োজকরা জানান, ‘প্রযত্নে ১৮২০’ একটি জনকল্যাণমূলক সামাজিক সংগঠন। তালেবপুর ইউনিয়নের সমাজকর্মীদের ঐক্যবদ্ধ করে মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সংগঠনটির অন্যতম লক্ষ্য।সাত দিনে পুরো ইউনিয়নে বৃক্ষরোপণের উদ্যোগ
বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আগামী সাত দিনের কর্মসূচিতে তালেবপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে গাছ লাগানো হবে। ইউনিয়নের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানসহ উপযুক্ত স্থানগুলোকে বৃক্ষরোপণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।এ সময় আয়োজকরা জনাব তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণের স্বপ্ন বাস্তবায়নে নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণকারী স্থানীয় নেতাকর্মী, সমাজকর্মী, তরুণ ও সাধারণ জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।আয়োজকদের প্রত্যাশা, এই কর্মসূচির মাধ্যমে তালেবপুর ইউনিয়নে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং তরুণ প্রজন্মকে সবুজ, সুন্দর ও জনকল্যাণমুখী সমাজ গঠনের কাজে সম্পৃক্ত করার পথ আরও সুগম হবে।