
মোঃ জহিরুল ইসলাম জেলা প্রতিনিধি, শেরপুর
নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শেরপুরের নকলায় দিশারী পৌর পল্লী সংস্থা (ডিপিপিএস)-এর উদ্যোগে ‘নৈপুণ্য কুটির শিল্প’ প্রশিক্ষণ সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ভুরদি এলাকায় হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করা হয়।
হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ সেন্টারটির উদ্বোধন ঘোষণা করেন নরসিংদী ঘোড়াশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনোয়ার হোসেন সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশারী পৌর পল্লী সংস্থা (ডিপিপিএস), শেরপুরের নির্বাহী পরিচালক রিয়াজ উদ্দিন এবং নৈপুণ্য কুটির শিল্পের পরিচালক আলহাজ্ব কামরুল ইসলাম।
আয়োজকরা জানান, এ প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে নারীদের কুটির শিল্পের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষ করে সেলাইসহ বিভিন্ন কাজ শেখানোর মাধ্যমে নারীদের দক্ষ করে তোলা হবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করেন, নতুন এ উদ্যোগের মাধ্যমে নকলার নারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।