
নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭
আফজাল হোসেন শুভ, স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ অটোরিকশার সাত যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ভাটিসাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দাইল চৌরাস্তা থেকে সাতজন যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে ভাটিসাভার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি পিকআপ ভ্যান অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রফিকুল ইসলাম নিহত হন।
নিহত রফিকুল ইসলাম ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ওয়াদ্দেরভিটা গ্রামের মৃত এবাদুল ফকিরের ছেলে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন— নান্দাইল পৌরসভার পাছপাড়া মহল্লার মোশারফ হোসেনের ছেলে মোস্তাকিম (৩০), দশালিয়া গ্রামের ইমন মিয়া (১৯), কিশোরগঞ্জের তাড়াইল এলাকার ওয়ালি উল্লাহর স্ত্রী তানিয়া আক্তার (২৫) ও তাঁর দুই শিশুসন্তান আলভি (৮) ও রৌজা (৩), ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষ্যা ইউনিয়নের রুহুল আমিন (৩২) এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়নাল মিয়ার ছেলে ইব্রাহিম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই আশপাশের বাসিন্দা ও ব্যবসায়ীরা মানবিকতার পরিচয় দিয়ে দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা আহত ব্যক্তিদের উদ্ধার করে নিজ উদ্যোগে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, পিকআপ ভ্যানটির বেপরোয়া গতিতে ওভারটেক করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ব্যস্ততম এই মহাসড়কে দুর্ঘটনা কমাতে দ্রুত সড়কটি চার লেনে উন্নীত করা এবং চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম মুঠোফোনে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পলাতক পিকআপচালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া মহাসড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।