
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে হাইতকান্দি ইউনিয়নের গ্রামীণ সড়ক পরিদর্শনে এমপি নুরুল আমিন
হারাধন চক্রবর্তী, মিরসরাই প্রতিনিধি :
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় দমদমা বাজার থেকে সড়ক পরিদর্শন কার্যক্রম শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক ও জনপদ ঘুরে দেখেন সংসদ সদস্য।
পরিদর্শনকালে ৩ নম্বর ওয়ার্ডের কচুয়া, ৭ নম্বর ওয়ার্ডের কুরুয়া, ৯ নম্বর ওয়ার্ডের মহালংকা হয়ে নতুন হাট, ৮ নম্বর ওয়ার্ডের জগদীশপুর, ৬ নম্বর ওয়ার্ডের তুলাবাড়িয়া হয়ে কমর আলী বাজার, ৫ নম্বর ওয়ার্ডের মুরাদপুর হয়ে শেখ মার্কেট, ৪ নম্বর ওয়ার্ডের মনির হাট বাজার হয়ে দমদমা, ২ নম্বর ওয়ার্ডের দমদমা উত্তর হাইতকান্দি হয়ে জলদাস বাড়ি এবং সর্বশেষ কাজির হাট এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় সংসদ সদস্য নুরুল আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী হাইতকান্দি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। এলাকার রাস্তাঘাটসহ জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।