
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে ১৪ বছর বয়সী এক শিশুকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। সম্প্রতি পেটে ব্যথা অনুভব করায় শিশুটিকে চিকিৎসকের কাছে নেওয়া হলে প্রাথমিকভাবে পেটে টিউমার থাকার সন্দেহ করা হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, শিশুটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ নানা রইচ উদ্দিনকে (৫৫) স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
অভিযুক্ত রইচ উদ্দিন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের বাসিন্দা। চিকিৎসকের কাছে নেওয়ার পর বেরিয়ে আসে ঘটনা স্বজনদের সূত্রে জানা যায়, সম্প্রতি ১৪ বছর বয়সী শিশুটি পেটে ব্যথার কথা জানায়। পরে স্বজনরা তাকে স্থানীয় একজন গাইনি চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিকভাবে চিকিৎসকের ধারণা ছিল, শিশুটির পেটে হয়তো টিউমার রয়েছে। তবে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, সে প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা।
এরপর বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে ঘটনার পেছনের কারণ অনুসন্ধান শুরু হয়। একপর্যায়ে শিশুটি তার ওপর সংঘটিত নির্যাতনের বিষয়ে পরিবারের সদস্যদের কাছে তথ্য দেয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা প্রায় ১০ বছর আগে মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। শিশুটির সৎ মা অভিযুক্ত রইচ উদ্দিনের মেয়ে।
প্রায় এক বছর আগে শিশুটির সৎ মা এক স্বজনকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় শিশুটির বাবা তাকে মাদ্রাসা থেকে এনে অভিযুক্ত রইচ উদ্দিনের বাড়িতে রেখে যান।
অভিযোগ রয়েছে, ওই সময় বাড়িতে সৎ মা না থাকার সুযোগে রইচ উদ্দিন শিশুটিকে নিজ বসতঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে স্থানীয়রা অভিযুক্ত রইচ উদ্দিনকে আটক করে পুলিশকে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
এ ঘটনায় শিশুটির মামা কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, হত্যার হুমকি দিয়ে ১৪ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে তার মামা থানায় এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। নোট ভুক্তভোগী শিশু হওয়ায় তার নাম, পরিচয়, ছবি, সুনির্দিষ্ট ঠিকানা বা শনাক্ত করা যায়—এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।