
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১০টায় জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ সাতানীপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত লাউচাপড়া বিনোদন কেন্দ্রে বন্যাকবলিত ৫৫০ জন মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন সেক্টর সদর দপ্তর, ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিবিজিএমএস, বিজিওএম, পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুল হক এবং ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. ইমাম হোসেন।
চিকিৎসাসেবা প্রদান করেন ভারপ্রাপ্ত মেডিক্যাল অফিসার মেজর এস. এফ. এইচ. উর্মি (এএমসি), ডা. মো. ফজলে রাব্বী এবং অর্থোপেডিক সার্জন ডা. এস. এম. আলকাস তাহমিদ।
দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে বন্যাদুর্গত ৫৫০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। চিকিৎসাসেবা পেয়ে উপকৃত বন্যার্ত মানুষ জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজিবি জানায়, দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।