
মোঃ আনোয়ার পারভেজ কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলার ৮ নম্বর বরকইট ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ নিয়ে উদ্বেগ বাড়ছে। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোঃ নূরুজ্জামান ।ওসি জনাব, মোঃ নূরুজ্জামান বলেন, “চান্দিনা থানায় যোগদানের পর থেকে মাদক নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন-রাত কাজ করে যাচ্ছি। উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে।”মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর করতে স্থানীয় রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকদের সহযোগিতা চেয়েছেন ওসি। তাঁর ভাষ্য, মাদকসংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হয়।সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য চান্দিনা থানার অফিস গেটের সামনে ‘মাদকের বিরুদ্ধে অভিযোগ বক্স’ স্থাপন করা হয়েছে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বক্সের মাধ্যমে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।থানার দেওয়া পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের আগস্ট মাসে চান্দিনা থানায় মাদকসংক্রান্ত ১৭টি মামলা হয়েছে। ওই মাসে বিভিন্ন অভিযানে ৬৫০ পিস ইয়াবা ও ১৯ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক মামলায় ২০ জন, মোবাইল কোর্টে ৩৬ জন, সামারি ট্রায়ালে ৪ জন, জিআর মামলায় ২২ জন এবং সিআর মামলায় ১৫ জনের তথ্য দেওয়া হয়েছে। এছাড়া নিয়মিত মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই মাসে থানায় মোট ৪৩টি মামলা হয়েছে এবং ৩৫টি মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানানো হয়েছে।অন্যদিকে, সেপ্টেম্বরের ১ থেকে ৮ তারিখ পর্যন্ত মাত্র আট দিনে থানায় মাদকসংক্রান্ত ৮টি মামলা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৫২৬ পিস ইয়াবা ও ১৬ কেজি গাঁজা। মাদক মামলায় ১০ জন, মোবাইল কোর্টে ১০ জন, জিআর মামলায় ২ জন, সিআর মামলায় ৬ জন এবং নিয়মিত মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে থানায় মোট ১২টি মামলা হয়েছে।আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের মতে, মাদক নিয়ন্ত্রণ কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। মাদক বিক্রয় ও সেবনের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।বরকইট ইউনিয়নসহ চান্দিনার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকসংক্রান্ত তথ্য গোপনীয়তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।