
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সোমবার সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে।তাঁকে একনজর দেখতে টোলপ্লাজা, এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়ক এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ব্যানার,ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাওয়া প্রান্তে অবস্থান নেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে।প্রধানমন্ত্রী পদ্মা সেতু হয়ে সড়কপথে বরিশালে যাবেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে বিভিন্ন সাংগঠনিক ও উন্নয়নমূলক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে। কর্মসূচি শেষে তিনি একই পথে ঢাকায় ফিরবেন।
সফরকে কেন্দ্র করে সকাল থেকেই মাওয়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সফরকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয় এটি পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন,বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার যে বার্তা দেওয়া হচ্ছে,তা আগামী প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।একই সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সরাসরি সম্পৃক্ততা সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশার মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে।তিনি আরও বলেন,প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাওয়া প্রান্তে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁর প্রতি মানুষের আস্থা ও সমর্থনের বহিঃপ্রকাশ।