
আবু বকর সিদ্দিক,মুন্সীগঞ্জ।
বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।সোমবার (৩১ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনাকবলিত বাসটি নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।বাসটি মাগুরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছায়।এ সময় অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান।নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়।পরে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়।এতে বাসের ভেতরে থাকা শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন।খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে।ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।পরে আহত যাত্রীদের বাস থেকে বের করে আনা হয়।আহতদের প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও পথচারীরা জড়ো হন।
এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।দুর্ঘটনায় বাসটির সামনের ও পাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করছে ফায়ার সার্ভিস।তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।তিনি জানান,খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর বাসটির চালকের গতি নিয়ন্ত্রণ ও সড়কে নিরাপদে চলাচলের বিষয়টি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।