
মনপুরায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মোঃনিরব মনপুরা উপজেলা প্রতিনিধি (ভোলা)
=======================
ভোলার মনপুরায় পুলিশের এক বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
=======================
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) ভোর সাড়ে ৬টার দিকে মনপুরা উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে আটক করে মনপুরা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, চর গোয়ালিয়া (০৪ নং ওয়ার্ড) গ্রামের মোঃ শাহাজাহানের ছেলে মোঃ আল আমিন (২৫) এবং একই গ্রামের (০৫ নং ওয়ার্ড) মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ শাকিল (২২)। তাঁরা উভয়েই উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান চালায় মনপুরা থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে আল আমিন ও শাকিলকে তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বিশেষ পুলিশি অভিযানের অংশ হিসেবে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।