
হারাধন চক্রবর্তী, মীরসরাই।
চট্টগ্রামের মীরসরাইয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ইলেকট্রনিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং টুলস ও অ্যাপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) মীরসরাই উপজেলা কৃষি অফিসে খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং ইলমা, চট্টগ্রামের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘Voices for Change Project’-এর আওতায় আয়োজিত প্রশিক্ষণে মীরসরাই উপজেলার বিভিন্ন পর্যায়ের সমাজকর্মী, সংগঠক, সাংবাদিক, শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মীরসরাই উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন খান ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা।
প্রশিক্ষণের প্রথম সেশন উপস্থাপন করেন খান ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা প্রকল্প কর্মকর্তা আসাদুজ্জামান লিয়ন। প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন মীরসরাই উপজেলা আইসিটি অফিসার জনাব মহিউদ্দিন জিলানী।
প্রশিক্ষণে তথ্য সংগ্রহ, তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা, তথ্য বিশ্লেষণ, তথ্য ট্র্যাকিং, অনলাইনে যোগাযোগ, ভুয়া তথ্য শনাক্তকরণ, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সমাজের বিভিন্ন পর্যায়ের সংগঠক, সাংবাদিক, শিক্ষক ও সমাজকর্মীদের আরও দক্ষ করে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।