
শোলাকুন্ডু সূর্য তরুণ প্রিমিয়ার লীগের বিগ ফাইনালে এফসি বাড়ি শোলাকুন্ডুর জয়
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে শোলাকুন্ডু সূর্য তরুণ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বিগ ফাইনালে কবি জসীমউদ্দিন স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এফসি বাড়ি শোলাকুন্ডু ফুটবল একাদশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় শোলাকুন্ডু মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে পুরো ম্যাচ। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এফসি বাড়ি শোলাকুন্ডু ফুটবল একাদশ।
শোলাকুন্ডু সূর্য তরুণ ভয়েস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. হামজা শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোলাকুন্ডু সূর্য তরুণ ভয়েস ক্লাবের সভাপতি মো. হাসান আহমেদ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্ট আয়োজনের শুরু থেকেই স্থানীয় বিভিন্ন ব্যক্তি সহযোগিতা করে আসছেন। বিশেষ করে মো. হামজা শেখ আর্থিক সহায়তাসহ সার্বিক সহযোগিতার মাধ্যমে আয়োজনটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকায় খেলাধুলার প্রসার ঘটবে এবং তরুণদের মধ্যে সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।