
জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে নজরুল বর্ষ।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য,সংগীত,সাম্য,মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন,নজরুল শুধু বিদ্রোহের কবি নন,তিনি ছিলেন সাম্য,মানবতা, প্রেম,স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর লেখনীতে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ যেমন উঠে এসেছে, তেমনি ফুটে উঠেছে মানুষের প্রতি ভালোবাসা ও সমাজে সমতার আকাঙ্ক্ষা।বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে একটি মানবিক,অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনে উদ্বুদ্ধ করতে নজরুলের সাহিত্য ও দর্শনের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।শিক্ষার্থীদের মাঝে নজরুলের কবিতা,গান ও সাহিত্যকর্মের সঙ্গে পরিচয় ঘটানোর পাশাপাশি তাঁর আদর্শ ও মানবিক মূল্যবোধকে বাস্তব জীবনে ধারণ করার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য,মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনাকে ধারণ করে সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষের উদ্বোধনের মধ্য দিয়ে সাটুরিয়ায় জাতীয় কবির সাহিত্য ও দর্শন চর্চায় নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।