
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঈদগাঁও মহিলা দলের সাবেক চার নেত্রী
মোহাম্মদ আরিফ
কক্সবাজার প্রতিনিধি
ঈদগাঁও ভিশনসহ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঈদগাঁও উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের সাবেক চার নেত্রী।
গত রোববার (২৬ জুলাই, ২০২৬) প্রকাশিত এক সংবাদে একজন নারীর অভিযোগের ভিত্তিতে ঈদগাঁও উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের সাবেক চার নেত্রীর বিরুদ্ধে টাকা, চেক ও টিন-সংক্রান্ত অভিযোগ আনা হয়। এর প্রতিবাদ জানিয়ে তারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈদগাঁও উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক খোরশিদা বেগম, ঈদগাঁও ইউনিয়ন মহিলা দলের সাবেক আহ্বায়ক রুমানা আফাজ এবং ঈদগাঁও ইউনিয়ন মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব সাজেদা আক্তার।
লিখিত বক্তব্যে তারা বলেন, গত বছর বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে নাসির উদ্দীন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে আয়োজিত একটি সমাবেশে অংশ নেওয়ার পর থেকেই একটি মহল পরিকল্পিতভাবে তাদের দল থেকে বিতাড়িত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাদের দাবি, সম্প্রতি তাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। সংবাদে উল্লিখিত অভিযোগের সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলেও তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, তারা দলের দুঃসময়ের পরীক্ষিত কর্মী। অভিযোগকারী নারী জামায়াতের একজন কর্মী এবং একটি কুচক্রী মহলের প্ররোচনায় তিনি তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও তারা দাবি করেন।
এ সময় তারা কক্সবাজার জেলা বিএনপি এবং জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।