
কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুল ও নজরুল মেমোরিয়াল প্রাইমারি ইনস্টিটিউটে বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ
মোঃ খাইরুল ইসলাম উপজেলা প্রতিনিধি শ্রীপুর
শিক্ষা ছাড়া কোনো জাতির মুক্তি নেই: সংসদ সদস্য মো. মজিবুর রহমান
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার গোয়ালবাথান এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বেগম সুফিয়া মডেল হাই স্কুল ও নজরুল মেমোরিয়াল প্রাইমারি ইনস্টিটিউটে এক বিশাল ও বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নীল, হলুদ ও সাদা রঙের বর্ণিল সাজে সজ্জিত বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক দিদার। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শত শত অভিভাবক এবং কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, “শিক্ষা ছাড়া কোনো জাতির মুক্তি নেই। আমি গোয়ালবাথানের সন্তানদের জন্য গর্বিত। বেগম সুফিয়া মডেল হাই স্কুল শুধু একটি স্কুল নয়, এটি আমাদের ভবিষ্যৎ গড়ার কারখানা।”
তিনি বিদ্যালয়টির উন্নয়ন ও আধুনিকায়নের প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমি কথা দিচ্ছি, এই স্কুলকে আধুনিক, মডেল ও স্মার্ট স্কুলে রূপান্তরিত করা হবে। এখানে কোনো অনিয়ম, কোনো দুর্নীতি কিংবা কোচিং বাণিজ্য চলবে না।”
শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষকদের সম্মান করুন, তাঁরা আপনার সন্তানের কারিগর। অভিভাবকদের বলব, সন্তানকে সময় দিন, মোবাইল নয়, বই তুলে দিন হাতে। আমি আপনাদের পাশে থাকব, ইনশা আল্লাহ।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সন্তানদের পড়াশোনার প্রতি মনোযোগী করা, নৈতিক শিক্ষা প্রদান এবং তাদের নিয়মিত খোঁজখবর নেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন ভূমিকা পালন করা জরুরি।
সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা, আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
বর্ণাঢ্য এ অভিভাবক সমাবেশকে কেন্দ্র করে গোয়ালবাথান এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।