
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত চিকিৎসকের যোগদান, স্বাস্থ্যসেবায় নতুন গতি
_______________________
এস এম আছাফুর রহমান
বিশেষ প্রতিনিধি:
খুলনা বিভাগ।
_______
দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে অবশেষে স্বস্তির খবর এলো উপকূলীয় কয়রা উপজেলায়। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ৪৮তম (বিশেষ) বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ ৭জন নবাগত চিকিৎসক যোগদান করেছেন।
নবাগত চিকিৎসকদের স্বাগত জানাতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে নবাগতদের বরণ ও সংক্ষিপ্ত পরিচিতি সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য, ডা. আশিকুর রহমান ও ডা. হিরন্ময় ঢালী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিম জানান, হাসপাতালে চিকিৎসকের পদ থাকলেও দীর্ঘদিন ধরে স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়ে সেবা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছিল। ৪৮ তম বিসিএস এর মাধ্যমে নতুন ৭জন চিকিৎসক যোগদান করায় বর্তমানে সেবা প্রদান করা সহজ ভাবে সম্ভব হবে, যা বিশাল জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবা সহজতর ও বেগবান করবে।
৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য বিভাগে উত্তীর্ণ হয়ে যোগদানকারী চিকিৎসকরা হলেন ডা. মোহসিনা সাকিব, ডা. তন্ময় মন্ডল, ডা. ডালটন সানা, ডা. আবির সরকার, ডা. ইমরান হোসেন, ডা. মাম্পী মন্ডল ও ডা. তমালিকা খাতুন। বিভিন্ন বিভাগে তাঁদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়। এতে উপজেলার স্বাস্থ্যসেবায় গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নবাগত চিকিৎসক ডা. মোহসিনা সাকিব বলেন, আমি এই এলাকারই সন্তান। জন্মভুমি প্রান্তিক জনগোষ্ঠীর সেবা করতে পারবো ভেবে আমি অত্যন্ত আনন্দিত। সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।