
গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক
আফজাল হোসেন শোভন, স্টাফ রিপোর্টার
মফস্বল সাংবাদিকদের সুখে-দুঃখে ও বিপদে-আপদে দীর্ঘ ১৫ বছর ধরে কাজ করে যাচ্ছেন অনুসন্ধানী সাংবাদিকতায় স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক ও ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর সম্পাদক মো. খায়রুল আলম রফিক।
বর্তমানে তিনি ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদকর্মীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার পাশাপাশি নির্যাতিত ও হয়রানির শিকার সাংবাদিকদের সহায়তায় এগিয়ে আসাকে তিনি নিজের অঙ্গীকার হিসেবে দেখছেন।
নিজের পথচলা ও অনুপ্রেরণার কথা স্মরণ করে খায়রুল আলম রফিক বলেন, ‘আমার ওস্তাদ, অনুসন্ধানী সাংবাদিকতার গুরু সাইদুর রহমান রিমন এবং চারণ সাংবাদিক মনোনেশ দাশের কথা আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁরা আমাকে শিখিয়েছেন, মফস্বল সাংবাদিকদের পাশে থেকে সব সময় কাজ করতে হবে। তাঁরা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁদের আদর্শ ও শিক্ষা আমার পথচলার অনুপ্রেরণা । তাঁরা ছিলেন অত্যন্ত সহজ-সরল, সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত এবং সাংবাদিকদের বিপদে-আপদে নির্ভরতার প্রতীক।’
তিনি আরও বলেন, ‘দুই গুরুর কাছ থেকে পাওয়া শিক্ষা ও আদর্শ ধারণ করেই আমি কাজ করে যাচ্ছি। বিশেষ করে মফস্বল সাংবাদিকরা নানা প্রতিকূলতা, হুমকি ও মামলার শিকার হন। তাঁদের বিপদের সময় পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।’
সংশ্লিষ্ট সাংবাদিকদের মতে, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও তাঁদের সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখায় খায়রুল আলম রফিক অনেকের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দেশের বিভিন্ন প্রান্তে কোনো সাংবাদিক হামলা বা হয়রানির শিকার হলে সহকর্মীরা তাঁর সহযোগিতা চেয়ে যোগাযোগ করেন। অনেক ক্ষেত্রে তিনি নিজেই ছুটে যান বিপদগ্রস্ত সাংবাদিকের কাছে।
এদিকে সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’। সংগঠনটির অঙ্গসংগঠন ‘সাংবাদিক সহায়তা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর সহযোগিতায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের তিনজন জ্যেষ্ঠ আইনজীবী এবং দেশের প্রতিটি জেলা আদালতে দুজন করে আইনজীবীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে কোনো সাংবাদিক হামলা, মামলা কিংবা নির্যাতনের শিকার হলে তাঁকে প্রয়োজনীয় আইনি পরামর্শ ও সহায়তা দেওয়া হবে। সংগঠনটির মূল লক্ষ্য হলো, সাংবাদিকদের আইনি অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতে একটি কার্যকর আইনজীবী নেটওয়ার্ক গড়ে তোলা।
পাশাপাশি নির্যাতন ও হয়রানির ঘটনায় তাৎক্ষণিক সাড়া দিতে সাত সদস্যের একটি বিশেষ টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির বর্তমান পরিচালক মোহাম্মদ আলী আবির এই টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর নেতৃত্বে বিশেষ এই টিম দেশের যেকোনো প্রান্তে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী সাংবাদিকের পাশে দাঁড়াবে।
সংগঠন সূত্রে জানা গেছে, বিশেষ টিমের সাত সদস্যের নাম ও দায়িত্ব বণ্টন খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে মফস্বলসহ সারা দেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা, আইনি সহায়তা ও অধিকার সুরক্ষায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।