
তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম।
ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার মোকামতলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) বগুড়ার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও পানি পানের মগ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য জননেতা মীর শাহে আলম এমপি।
কর্মসূচির আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ ও সচেতনতা তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি পানে উৎসাহিত করা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিষয়টিও কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ করা হয় এবং প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও তার পরিচর্যা করার আহ্বান জানানো হয়।
জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত এ ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতামূলক এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।