
লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে নানাবাড়িতে বেড়াতে এসে পাটের তৈরি শিকের রশিতে গলায় ফাঁস লেগে নুসাইবা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার সিংহেরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।পরিবার সূত্রে জানা যায়,দুই মেয়ের ঘরের পাঁচ ও দুই বছর বয়সী দুই নাতনি নানাবাড়ির টিনকাঠের ঘরের দোতলায় খেলছিল।খেলার একপর্যায়ে বড় নাতনি নুসাইবা পাটের তৈরি শিকের রশিতে আটকে যায়। একপর্যায়ে রশির ফাঁকে তার গলা আটকে পড়ে।বিষয়টি বুঝতে পেরে নানি দ্রুত দোতলায় গিয়ে নুসাইবাকে রশিতে আটকে থাকতে দেখেন।পরে তাকে উদ্ধার করে দ্রুত লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান,পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।নিহত নুসাইবার বাবা নুরু বেপারীর বাড়ি উপজেলার পাশের কনকসার গ্রামে। ঘটনার সময় শিশুটির মা সুরভী তাঁর এক ফুপাতো বোনের বাসায় ছিলেন।একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নুসাইবার বাবা-মা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবারের পরিবেশ। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে কনকসার,সিংহেরহাটি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।