
চকরিয়ায় পৌর কর মেলা-২০২৬ উদ্বোধন, নাগরিক সেবায় গুরুত্ব ইউএনওর
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
নাগরিক সেবার মানোন্নয়ন, পৌর কর আদায় কার্যক্রমকে গতিশীল করা এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া পৌরসভায় পৌর কর মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) চকরিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন দেলোয়ার আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।
এ সময় তিনি পৌরসভার নাগরিকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, পৌরসভার প্রতিটি নাগরিকের কাছে সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
পৌরসভার চলমান উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ইউএনও প্রকৌশল বিভাগকে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। পাশাপাশি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
পৌর কর মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ লোকমান, প্রকৌশলী মুজিবুর রহমান, ট্যাক্স কালেক্টর জহুরুল মওলা, হিসাবরক্ষণ কর্মকর্তা সফায়াত হোসেন, কর নির্ধারক ফরিদুল আলম, লাইসেন্স পরিদর্শক কামাল হোসেন, বাজার পরিদর্শক জানে আলম, বিদ্যুৎ লাইন পরিদর্শক ফরিদুল আলম এবং সিনিয়র অফিসার মোস্তাক আহমেদ, এমরান হোসেন, রাশেদ কামাল ও রিদুয়ানুল হক।
এ ছাড়া কর আদায়কারী আরিফুল মোস্তফা, অফিস সহকারী আবদুল হামিদ, স্যানিটারি পরিদর্শক হায়দার আলী, সড়কবাতি পরিদর্শক রাজিফুল মোস্তফা, ঠিকাদারি সুপারভাইজার নাজিম উদ্দিন ও আওলাদ কামাল, ঠিকাদার রফিকুল আলম, আবদুল লতিফ, চম্পক দত্ত ও রুবি আক্তার, কম্পিউটার অপারেটর দিদারুল ইসলাম এবং সার্ভেয়ার আবদুস ছমত ও শফিকুল কাদেরসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।