
চান্দিনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী শিমুলের দোয়া প্রার্থনা।
মোঃ আনোয়ার পারভেজ
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার ৮নং বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুরে উৎসবমুখর পরিবেশে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) শ্রীমন্তপুর ইসলামিয়া সুন্নাতুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরতুল আল্লামা শাহ মোহাম্মদ আনস সুলতানী পীর সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জোবায়ের হোসাইন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জামিল আহমাদ আশরাফী ও মুফতি আমীর হোসেন নিজামী।
অনুষ্ঠানে সভাপতিসহ প্রধান বক্তা, বিশেষ বক্তাগণ, স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন ৮নং বরকইট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার পারভেজ শিমুল (এমবিএ) উপস্থিত হয়ে মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
মাহফিলে বক্তব্য দিতে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার পারভেজ শিমুল বলেন, “ভোটারদের মূল্যবান ভোটে এবং মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে ৮নং বরকইট ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “সকল ক্ষমতার উৎস জনগণ। আপনারাই আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তাই আপনারা এমন একজন শিক্ষিত ও ন্যায়বিচারক জনপ্রতিনিধি নির্বাচন করবেন, যিনি সন্ত্রাস দমন, চাঁদাবাজি বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যিনি আন্তরিকভাবে কাজ করবেন, এমন নেতৃত্বই আপনাদের প্রত্যাশা হওয়া উচিত।”
নিজের যোগ্যতা ও কর্মপরিকল্পনা বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা যদি মনে করেন, এসব গুণ আমার মধ্যে রয়েছে, তাহলে আমাকে আপনাদের ভাই, বন্ধু ও সন্তান হিসেবে গ্রহণ করে আপনাদের মূল্যবান একটি ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই এবং আপনাদের সহযোগিতা নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত আলেম-ওলামা, মুসল্লি ও ইউনিয়নবাসীর কাছে দোয়া কামনা করেন এবং সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।