
ফুলবাড়িয়ায় দুই ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
মোঃ মাহবুবুল আলম
ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অবৈধ ও অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার যমুনা ও ফাইভ স্টার নামের দুটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ইটভাটা পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলার যমুনা ও ফাইভ স্টার নামীয় দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী পৃথক দুটি মামলায় দুইজনকে দোষী সাব্যস্ত করে মোট দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে অর্থদণ্ড প্রদানের পাশাপাশি একটি ইটভাটার অবৈধ স্থাপনার অংশবিশেষ ভেঙে অকেজো করে দেয় প্রশাসন। এর মাধ্যমে আইন অমান্য করে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে।
প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং ইটভাটা পরিচালনায় প্রচলিত আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের মতে, ইটভাটায় আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা জরুরি। অন্যথায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
ফুলবাড়িয়ায় ইটভাটার অনিয়ম ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযানকে পরিবেশ সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।