
শিবচর উপজেলা জামায়াতের নতুন আমির মো. বেলায়েত হোসেন
এস এম আলমগীর হোসাইন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ কার্যকালের জন্য নতুন আমির নির্বাচিত হয়েছেন মো. বেলায়েত হোসেন। গত ২১ নভেম্বর অনুষ্ঠিত রুকনদের প্রত্যক্ষ ভোটে বিপুল ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। সোমবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত উপজেলা আমির মো. বেলায়েত হোসেন ২০০৪ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তাঁর সাংগঠনিক জীবন শুরু করেন। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি। এর আগে ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা শিবচর উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৫-২৬ কার্যকালে শিবচর পৌরসভা জামায়াতের আমিরের দায়িত্বে ছিলেন।
দীর্ঘ সাংগঠনিক জীবনে তিনি দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলীয় কার্যক্রমের কারণে বিভিন্ন সময় কারাভোগও করেছেন তিনি। সংগঠনের নেতাকর্মীদের কাছে একজন ত্যাগী ও নিষ্ঠাবান কর্মী হিসেবে পরিচিত মো. বেলায়েত হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক নিয়ম অনুযায়ী উপজেলা ও জেলা পর্যায়ে নির্দিষ্ট মেয়াদ অন্তর রুকনদের প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় শিবচর উপজেলায় এবারের নির্বাচনেও রুকনদের সরাসরি ভোটে তিনি পুনরায় উপজেলা আমির নির্বাচিত হলেন।
ফলাফল ঘোষণার পর মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান নবনির্বাচিত উপজেলা আমির মো. বেলায়েত হোসেনকে শপথবাক্য পাঠ করান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
নেতাকর্মীরা নবনির্বাচিত আমিরের বর্ণাঢ্য সাংগঠনিক জীবনের ধারাবাহিকতা, সফলতা এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।