
ভোলার মনপুরায় টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ।
=========================
মোঃ নিরব,জেলা প্রতিনিধি ভোলা
=========================
ভোলার মনপুরায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পাশের উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দাকে দক্ষিণ সাকুচিয়ার টিসিবি পণ্যের ডিলার নিয়োগ দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে রয়েছে ‘নিজাম ট্রেডার্স’। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের প্রশ্ন, দক্ষিণ সাকুচিয়ার উপকারভোগীদের জন্য বরাদ্দকৃত পণ্য বিতরণের দায়িত্ব পাশের ইউনিয়নের একজনকে দেওয়া হলো কেন?
বিক্ষোভকারীদের অভিযোগ, ডিলার নিজ এলাকার লোকজনকে সুবিধা দিতে গিয়ে দক্ষিণ সাকুচিয়ার অসহায় ও নিম্নআয়ের মানুষকে বঞ্চিত করছেন। আগে ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ করা হলেও নতুন ডিলার দায়িত্ব নেওয়ার পর থেকে পর্যাপ্ত প্রচার-প্রচারণা ছাড়াই পণ্য বিতরণ করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, গত সোমবার (২৩ নভেম্বর) দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের প্রায় ৬০০ উপকারভোগীর মধ্যে টিসিবির পণ্য বিতরণের কথা ছিল। কিন্তু গোপনে মাত্র ৩০ থেকে ৪০ জনের মধ্যে পণ্য বিতরণ করে বাকি মালামাল সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক নারীসহ প্রকৃত কার্ডধারীকে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে।
বিক্ষোভকারীরা বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পরিকল্পিত অনিয়মের অংশ। কার সুপারিশে বা কোন মহলের প্রভাবে উত্তর সাকুচিয়া ইউনিয়নের একজনকে দক্ষিণ সাকুচিয়ার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে, তা তদন্তের দাবি জানান তাঁরা।
অভিযোগের বিষয়ে নিজাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন বলেন, সফটওয়্যার জটিলতার কারণে পণ্য বিতরণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। জটিলতা শেষ হলে পুনরায় পণ্য বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, সরকারি নিয়ম মেনেই তিনি ডিলারশিপ পেয়েছেন। কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির সঙ্গে তিনি জড়িত নন। যাচাই-বাছাই শেষে প্রকৃত কার্ডধারীদের মধ্যে বরাদ্দের সব পণ্য বিতরণ করা হবে। কারও পণ্য আত্মসাৎ বা সরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না।
এ বিষয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বঞ্চিত উপকারভোগীদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের দৃষ্টি আকর্ষণ করেছেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দারা।