
মধুখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী চন্দন মুন্সীর
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় সাইফ আহমেদ চন্দন মুন্সী (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে মধুখালী-আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফ আহমেদ চন্দন মুন্সী মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আকন্দি গ্রামের মুন্সী বেনজির আহমেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মধুখালী বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন চন্দন মুন্সী। পথে মধুখালী-আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মাগুরা থেকে ফরিদপুরগামী একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৯টা ২০ মিনিটে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।