
মো. সাইফুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:মানিকগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল এবং সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে আবারও শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে সিংগাইর থানা পুলিশ। আগস্ট/২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. মাজহারুল ইসলাম। একই সাথে অসামান্য অবদান, পেশাদারিত্ব ও অনন্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ টানা ৭ম বারের মতো মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়ে অনন্য রেকর্ড গড়েছেন সিংগাইর থানার এএসআই (নিরস্ত্র) আঃ জলিল আহসান।গত মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই কৃতিত্ব উদযাপন করা হয়। অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম নিজ হাতে এই দুই সফল কর্মকর্তার হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সিংগাইর থানার এই দুই পুলিশ কর্মকর্তা তাদের মানবিক গুণাবলীর জন্য এলাকায় ব্যাপক প্রশংসিত। শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পাওয়া জনাব মো. মাজহারুল ইসলাম একদিকে যেমন চৌকস ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা, অন্যদিকে সুরের জাদুকর ও বিশিষ্ট সংগীতশিল্পী হিসেবে স্থানীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে বেশ সমাদৃত। শিল্পীদের সাথে সুদৃঢ় ও হৃদ্যতাপূর্ণ সম্পর্কের মাধ্যমে তিনি জনবান্ধব পুলিশিংয়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অপরদিকে, রেকর্ড টানা ৭ম বারের মতো জেলার শ্রেষ্ঠত্বের মুকুট পরা এএসআই (নিঃ) আঃ জলিল আহসানও তার পরোপকারী মনোভাব, সদালাপী ও বিনয়ী আচরণের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তাদের এই মানবিক ও পেশাদার গুণাবলী সিংগাইর থানাকে জনগণের আস্থার প্রতীকে পরিণত করেছে।এই অনন্য অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয় সিংগাইর থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. মাজহারুল ইসলামের সাথে। তিনি জানান, দেশের সাধারণ মানুষের সাথে আরও নিবিড় ও আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে চান। “পুলিশ জনগণের বন্ধু”—এই প্রচলিত বাক্যটির বাস্তব রূপ সমাজে প্রমাণ করাই তার মূল লক্ষ্য। তিনি দৃঢ়তার সাথে ব্যক্ত করেন, “ভয় নয়, ভালোবাসা দিয়েই সমাজে শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখতে আমি আপ্রাণ চেষ্টা করে যাবো।”এই গৌরবময় অর্জনের প্রতিক্রিয়ায় সিংগাইর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সাফল্যের পেছনে থানার সকল স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দের অক্লান্ত পরিশ্রম, আন্তরিক সহযোগিতা এবং পেশাগত নিষ্ঠা জড়িত। সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সুশৃঙ্খল টিমওয়ার্কের ফলেই জেলাজুড়ে এই যৌথ অর্জন ও শ্রেষ্ঠত্বের ধারা বজায় রাখা সম্ভব হয়েছে।