
লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য অভিযানে দুই প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি: অহিদুল ইসলাম
লক্ষ্মীপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে শহরের ঝুমুর এলাকার বিসমিল্লাহ মিষ্টি বাজারকে ১ লাখ টাকা এবং উত্তর তেমুহনী সংলগ্ন কালী বাজার এলাকার মেসার্স ইভা ট্রেডার্স নামের একটি খাদ্যপণ্যের পরিবেশক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের ঝুমুর এলাকার বিসমিল্লাহ মিষ্টি বাজারে এবং দুপুরে উত্তর তেমুহনী সংলগ্ন কালী বাজারের ফিরোজ ভবনে অবস্থিত মেসার্স ইভা ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে বিশুদ্ধ খাদ্য আদালত ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
অভিযান শেষে সামারি ট্রায়ালের মাধ্যমে জরিমানার রায় দেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওমর ফারুক।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী এবং এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন উপস্থিত ছিলেন।