
নীল আকাশ সাদা কাশফুল আর পদ্মার ঢেউ মুগ্ধ লৌহজং
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাপাড়ে শরতের সৌন্দর্যে প্রাণ ফিরে এসেছে প্রকৃতিতে।ভাদ্র-আশ্বিনের নীল আকাশ,সাদা মেঘের ভেলা আর বাতাসে দুলতে থাকা কাশফুলে বদলে গেছে পদ্মাপাড়ের চিত্র।পদ্মা নদীর পাড় ও পদ্মা সেতুর আশপাশের বিস্তীর্ণ এলাকায় ফুটে থাকা সাদা কাশফুল টানছে প্রকৃতিপ্রেমীদের।প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটির দিনে দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।অনেকে পরিবার,বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ছবি ও ভিডিও ধারণ করছেন।ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক ইভা নাজরীন বলেন,এখানকার প্রকৃতি খুবই সুন্দর,সময়টা বেশ উপভোগ করছি।ঢাকা থেকে পরিবার নিয়ে আসা ইসরাফুল বলেন,এত সুন্দর পরিবেশ এখানে আছে আগে জানতেন না।
স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান বলেন,শরতে কাশফুল ফুটলে প্রতিবছরই পদ্মাপাড়ে মানুষের আনাগোনা বেড়ে যায়।নদীর নীল জল আর সাদা কাশফুলের সমারোহে তৈরি হচ্ছে মনোরম এক প্রাকৃতিক আবহ।বিকেল হলেই পদ্মাপাড়ে দর্শনার্থীদের উপস্থিতি আরও বাড়ছে বলে জানান স্থানীয়রা।কাশফুলের সৌন্দর্য ঘিরে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করছেন।প্রকৃতির এমন নৈসর্গিক দৃশ্য স্থানীয়দের পাশাপাশি আগত পর্যটকদেরও মুগ্ধ করছে।দর্শনার্থীদের কেউ নদীর পাড়ে বসে সময় কাটাচ্ছেন,কেউ আবার কাশফুলের মাঝে স্মৃতি ধরে রাখছেন।স্থানীয়দের মতে,প্রতি বছর শরৎ মৌসুমে এ এলাকায় পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে।
তবে অপরিকল্পিতভাবে কাশফুল নষ্ট ও ময়লা-আবর্জনা ফেলার কারণে সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।
পরিবেশ রক্ষায় দর্শনার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।পাশাপাশি পর্যটকদের জন্য বসার স্থান,নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ব্যবস্থা করার দাবি উঠেছে।স্থানীয়দের প্রত্যাশা,পরিকল্পিত উদ্যোগ নিলে লৌহজংয়ের পদ্মাপাড় সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।শরতের সাদা কাশফুল আর পদ্মার ঢেউয়ে প্রতিদিনই যেন নতুন সাজে সেজে উঠছে লৌহজংয়ের পদ্মাপাড়।প্রকৃতির এই সৌন্দর্য উপভোগে ছুটে আসা মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।