
লক্ষ্মীপুরে লাইসেন্স ও রেজিস্টারে অনিয়ম
৩ সার-বীজ-কীটনাশকের দোকানে ৫ হাজার টাকা জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি:অহিদুল ইসলাম
লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজারস্থ গোডাউন রোড ও দালাল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সার, বীজ ও কীটনাশকের তিনটি দোকানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কৃষি বিপণনের লাইসেন্স না থাকা, কীটনাশক বিক্রির যথাযথ রেজিস্টার সংরক্ষণ না করা, বীজ ও কীটনাশক সঠিকভাবে সংরক্ষণ না করা এবং উন্মুক্ত স্থানে সার ফেলে রাখার অনিয়ম পাওয়া যায়।
পরে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬, বীজ আইন, ২০১৮ এবং কৃষি বিপণন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ছিদ্দিকা। এ সময় সহকারী কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে সার, বীজ ও কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।