
মনপুরায় বিআরডিবি নির্বাচনে যুবদল নেতা শেখ ফরিদ সভাপতি নির্বাচিত
=======================
মোঃ নিরব, মনপুরা উপজেলা প্রতিনিধি (ভোলা)
========================
ভোলার মনপুরায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন যুবদল নেতা শেখ ফরিদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা বিআরডিবি কার্যালয়ে আনন্দ মুখর ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ‘ছাতা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হন শেখ ফরিদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন পলাশ ফরাজী আনারস প্রতীকে পান ২৬ ভোট। এ ছাড়া অপর প্রার্থী আবদুল বাছেত পাটোয়ারী ‘চেয়ার প্রতীক নিয়ে ১৬ ভোট পেয়েছেন।
উপজেলা সমবায় কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী তিন বছরের জন্য মনপুরা উপজেলা বিআরডিবির সদস্য ও সমবায়ীরা সভাপতি পদে ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলার ৫টি ইউনিয়নের অন্তর্ভুক্ত বিআরডিবি প্রাথমিক সমিতির মোট ৭৫ জন ভোটারের মধ্যে ৭৪ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের সার্বিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গণনা শেষে সর্বোচ্চ ৩২ ভোট পাওয়ায় শেখ ফরিদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি শেখ ফরিদ বলেন, আমাকে নির্বাচিত করায় বিআরডিবির সকল ভোটার ও সদস্যদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী তিন বছর মনপুরার বিআরডিবি সমিতির সকল সদস্যের কল্যাণ ও এলাকার সামগ্রিক উন্নয়নে সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করে যাব।