
দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র্যালি ও আলোচনা সভা
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর, শেরপুরের আয়োজনে দিবসটির কর্মসূচি শুরু হয় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুরের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজ্ নাসরিন আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, শেরপুরের উপপরিচালক কামরুজ্জামান খান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, রাজনীতিবিদ আব্দুল আওয়াল, আব্দুল বাতেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত নাগরিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রবীণ জনগোষ্ঠীর মর্যাদা, অধিকার, নিরাপদ ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করার পাশাপাশি সমাজের মূলধারায় তাঁদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি বার্ধক্যকে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও আনন্দময় করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।