
নিজস্ব প্রতিবেদক,
বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘২২তম মানামা ডায়ালগ ফোরাম ২০২৬’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বর্তমানে বাহরাইন সফর করছেন।
সফরকালে গত ৩১ অক্টোবর বাহরাইন ডিফেন্স ফোর্সের প্রধান কার্যালয়ে এই উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গত ১ নভেম্বর (রোববার) বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
সাক্ষাৎকালে বাহরাইনের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিদলপ্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং মানামা ডায়ালগ ফোরামে তাঁর সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বৈঠকে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় বাহরাইনের চিফ অব স্টাফ আশা প্রকাশ করেন যে, এই সফর দুই দেশের বন্ধুপ্রতিম সশস্ত্র বাহিনীর মধ্যকার পারস্পরিক বোঝাপড়া ও অংশীদারিত্বকে আরও এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।