
সিংগাইর প্রতিনিধি, সাইফুর রহমান
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। ২০২৬ সালের অক্টোবর মাসের মূল্যায়নে ঢাকা বিভাগের সাতটি জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে তিনি এ গৌরবজনক স্বীকৃতি লাভ করেন।
এ অর্জনে মানিকগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। বিশেষ করে জেলার সাতটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মধ্যেও এ সাফল্য ঘিরে উচ্ছ্বাস ও আনন্দের আবহ তৈরি হয়েছে। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার নেতৃত্বে জেলার সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমে এ অর্জন নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা বিভাগে এ মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং তৃতীয় হয়েছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। নাগরিকদের জন্ম ও মৃত্যুর তথ্য যথাযথভাবে নিবন্ধন, সেবার মানোন্নয়ন এবং কার্যক্রমে গতিশীলতা আনয়নে জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কার্যক্রমে মানিকগঞ্জ জেলার এ অবস্থান অর্জন নিঃসন্দেহে জেলার জন্য গর্ব ও আনন্দের বিষয়।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং মানিকগঞ্জ জেলা প্রশাসনের সামগ্রিক কর্মতৎপরতা ও সমন্বিত প্রচেষ্টার একটি ইতিবাচক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। এ অর্জন ভবিষ্যতে নাগরিক সেবার মান আরও উন্নত করতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।