
নাজিরপুরে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এর দোকানে আগুন।
মোঃ আরিফুল ইসলাম মিল্টন জেলা প্রতিনিধি পিরোজপুর।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের কবিরাজবাড়ী নামক জায়গায় নাজিরপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মুরাদ মাঝীর মুদির দোকানসহ তিনটি দোকানে আগুন দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।
বুধবার (১৮ নভেম্বর) ২ টা ১০ মিনিটের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২ টা ১০ মিনিটের সময় কবিরাজবাড়ীতে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ঐ বাজারের ব্যবসায়ী মোঃ মমতাজউদ্দিন জানান, রাত ২ টা ১০ এর দিকে বাজারের পাহারাদার আমাকে চিৎকার করে ঘুম থেকে জাগায়। সে বলে বাজারে দোকানে আগুন লেগেছে। আমি বের হয়ে দেখি মুরাদ মাঝীর দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন আমাদের চিৎকারে মুরাদ মাঝী সহ আশে পাশের সকল লোক বের হয়ে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় আধাঘন্টা পর ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস আসার আগেই মুহূর্তেই পাশাপাশি তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মোঃ মুরাদ মাঝী বলেন,রাত সাড়ে এগারোটার দিকে আমাদের বাজারের আশেপাশে একটা বিকট শব্দ শুনতে পাই। বিষয়টি আমি তৎক্ষনাৎ নাজিরপুর থানার এ এস আই মজিদকে জানাই। তাকে টহল পুলিশ পাঠানোর অনুরোধ করি। কিন্তু তখন কোন পুলিশ এখানে আসেনি। এরপর রাত ২ টা ১০ এর দিকে আমার দোকানে আগুন দেয়া হয়। তিনি অভিযোগ করে বলেন, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার ধারাবাহিকতায় আওয়ামী সন্ত্রাসীরা তার দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তিনি আরও জানান এতে তার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় দর্জি ও কাউন্টার ব্যবসায়ী আরাফাত মাঝির বলেন আমার দোকানে কাপড় ল্যাপটপ, কম্পিউটার, অন্যান্য মালামালপুরে ছাই হয়ে গেছে, এতে আমার প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শাহীন ভুইয়া বলেন আমার ভ্যান রিক্সা, ইজিবাইকের পার্টসের দোকান আমার দোকানে থাকা মালামাল আগুনে পুড়ে গেছে এতে আমার প্রায় ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, তিনি আরো জানান তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন, আমরা সংবাদ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।