
শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নে আগাম জাতের বোরো ধান চাষে কৃষকদের রিফ্রেশার প্রশিক্ষণ (২য় ব্যাচ) অনুষ্ঠিত
দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল নতুন আগাম জাতের বোরো ধান চাষাবাদের ওপর কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে এবং জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেএফজিই) ও শেয়ার দ্যা প্লানেট অ্যাসোসিয়েশন, জাপানের আর্থিক সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এসেড হবিগঞ্জ কর্তৃক বাস্তবায়িত এনরিচ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা এ এইচ এম আনিসুজ্জামান। তিনি আগাম জাতের বোরো ধান চাষের শস্য পরিকল্পনা, উফশী বোরো ধানের জাত পরিচিতি ও জাত নির্বাচন, বীজ শোধন, বীজ ভিজানো, বীজ জাগ দেওয়া, বীজতলা তৈরি, জমি প্রস্তুত, ধান রোপণ, ধানের জীবনচক্র, সার ব্যবস্থাপনা, আগাছা দমন, পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, বীজ উৎপাদন ও সংরক্ষণ, ধান কাটা, মাড়াই এবং সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আগাম জাতের উফশী বোরো ধান চাষে উদ্বুদ্ধ করা এবং আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
এ সময় এনরিচ প্রকল্পের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জামিল হক ও দিপলু সূত্রধর এবং রনসি ও খুদিরাই গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।