
জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি
অস্ত্র মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সাজ্জাদ হোসেন সোহাগ গিট্টু (৩৪) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া।
র্যাব-১২ সূত্রে জানা যায়, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(চ) ধারার একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি সোহাগ গিট্টু গ্রেপ্তার এড়াতে বগুড়া সদর উপজেলার শিববাটি এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) রাত ১২টা ১৫ মিনিটে বগুড়া সদর থানার শিববাটি ভান্ডারি মেঘা সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগ গিট্টু শিববাটি কিশোরীলাল রায়লেন এলাকার বাসিন্দা এবং মোঃ জালাল শেখের ছেলে। আদালত তাকে অস্ত্র মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের এ তৎপরতা চলমান থাকবে বলেও তিনি জানান।