
ঐতিহ্যবাহী আটিপাড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাটুরিয়া প্যারাডাইস এফসি
সাইফুর রহমান, সিংগাইর, প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দপহর ইউনিয়নের আটিপাড়া প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে জমজমাট বিগ ফাইনাল ফুটবল ম্যাচ। আটিপাড়া নবারুণ প্রগতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় মুখোমুখি হয় সাটুরিয়া প্যারাডাইস এফসি ও সুদক্ষীরা স্পোটিং ক্লাব সিংগাইর।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
মাঠ ছিলো কানায় কানায় দর্শক ভর্তি।
নির্ধারিত সময়ে মাঠে গড়ায় বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। একাধিকবার প্রতিপক্ষের গোলপোস্টে আক্রমণ চালিয়ে গোলের সুযোগ তৈরি করে উভয় দল। ফলে পুরো ম্যাচজুড়েই ছিল টানটান উত্তেজনা।
শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সাটুরিয়া প্যারাডাইস এফসি ২-১ গোলে সুদক্ষীরা স্পোর্টিং ক্লাব সিংগাইর কে পরাজিত করে। এ জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাটুরিয়া প্যারাডাইস এফসি।
ফাইনাল ম্যাচে সাটুরিয়া প্যারাডাইস এফসির হয়ে জিহান ও রাফি একটি করে গোল করেন। অপরদিকে সুদক্ষীরা ফুটবল একাদশের হয়ে দলের একমাত্র গোলটি করেন সাগর।
ফাইনালের ফলাফল:
🏆 সাটুরিয়া প্যারাডাইস এফসি — ২
⚽ সুদক্ষীরা স্পোর্টিং ক্লাব, সিংগাইর — ১
খেলা শেষে আয়োজক আটিপাড়া নবারুণ প্রগতি সংঘের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। দেশ-বিদেশে অবস্থানরত সংগঠনের সদস্যদের সহযোগিতা এবং দেশি-প্রবাসী সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলেই ফাইনাল ম্যাচটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
আয়োজকরা ফাইনাল ম্যাচ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা খেলোয়াড়, দর্শক, অতিথি, স্বেচ্ছাসেবক, স্থানীয় বাসিন্দা এবং সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও আটিপাড়া নবারুণ প্রগতি সংঘের উদ্যোগে এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে এলাকার তরুণ প্রজন্ম মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।