
কক্সবাজারে যৌথ অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
মোহাম্মদ রায়হান ইসলাম উপজেলা প্রতিনিধি টেকনাফ
কক্সবাজারে এসআরবি-১৫ ও এসআরবি-৭-এর যৌথ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সরোয়ার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল জানতে পারে, কালুর দোকান এলাকায় বার্মিজ মার্কেট রোডসংলগ্ন মেসার্স হাফেজ আহমেদ চৌধুরী গ্যাস পাম্পের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কৌশলে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। এ সময় তাকে আটক করা হয়। আটক মো. সরোয়ার চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপাদিয়া এলাকার মোসলেম মিয়ার ছেলে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগের ভেতর সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সাতটি বান্ডেলে মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন ও নগদ ৩৪০ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মিয়ানমার ও সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।