
উজ্জ্বল মন্ডল কালকিনি, মাদারীপুর
মাদারীপুরের কালকিনি উপজেলায় খাল খনন-পরবর্তী সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে খালের দুই পাড়ের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের শিকদারকান্দি পরিপত্তর খাল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, পানির পাশাপাশি গাছও আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। খাল খনন কর্মসূচির আওতায় খালের দুই পাড়ের রাস্তায় বৃক্ষরোপণের যে নির্দেশনা ছিল, তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি শুরু করা হয়েছে। সবুজায়ন, অক্সিজেন এবং পানির ভারসাম্য রক্ষা করতে পারলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যতের পরিবেশগত বিপর্যয় থেকেও দেশকে রক্ষা করা সহজ হবে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যায় এগিয়ে আসতে হবে। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি অনুযায়ী অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।