
মো: শাহীন হাওলাদার, স্টাফ রিপোর্টার
ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১০টি সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লার উদ্যোগে ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (২য় সংশোধিত)’–এর আওতায় এ বরাদ্দ দেওয়া হয়।
বরাদ্দ অনুযায়ী, মধুখালী উপজেলায় ৪ কোটি, বোয়ালমারী উপজেলায় ৪ কোটি এবং আলফাডাঙ্গা উপজেলায় ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব সড়কের বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চলাচলে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কগুলো দিয়ে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি আরও বেড়ে যায়।
এ বরাদ্দের মাধ্যমে সড়কগুলোর উন্নয়নকাজ সম্পন্ন হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা জানিয়েছেন, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ফরিদপুর-১ আসনের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে সড়কগুলোর উন্নয়নকাজ মানসম্মতভাবে বাস্তবায়নের প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।