
ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ টাকা জব্দ
রাজশাহী প্রতিনিধি।
রাজশাহী মহানগরীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে বোয়ালিয়া থানার জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মতিহার থানার দাশমারি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. মানিক চাঁদ সওদাগর (৩৫), চর শ্যামপুর মিজানের মোড় গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেন (২০) এবং দাশমারি গ্রামের পাঞ্জাতন আলীর ছেলে মো. সাদ্দাম হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে মো. মানিক চাঁদ সওদাগরের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. সাব্বির হোসেন ও মো. সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে মো. মানিক চাঁদ সওদাগরের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।