
ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
দীর্ঘায়িত আয়ু, সুস্থ ও মর্যাদাপূর্ণ বার্ধক্য—এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন বক্তারা।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও পারিবারিক সহযোগিতার প্রয়োজন বাড়ে। তাই প্রবীণদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে প্রবীণ ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও কার্যকর করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও দক্ষতা সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের সামাজিক ও পারিবারিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার পাশাপাশি ডিজিটাল সেবা ব্যবহারে সক্ষমতা বাড়াতে হবে। প্রবীণদের প্রতি অবহেলা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধেও সচেতনতা বাড়ানো জরুরি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার ঠাকুর, এফডিএর আজহারুল ইসলাম, ফরিদপুর ডায়াবেটিস সমিতির সাবেক সভাপতি অধ্যাপক এম এ সামাদ এবং এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান। এ ছাড়া বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও প্রবীণ ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, তাঁদের যথাযথ যত্ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে একটি প্রবীণবান্ধব সমাজ গড়ে তোলার আহ্বান জানান।