
মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেনের মৃত্যু
আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার ভোরে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর বয়স্কজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন,সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।রোববার বাদ জোহর লৌহজং উপজেলার হলদিয়া বাজার মসজিদ ঈদগাহে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
এ সময় এসিল্যান্ড মো:এরফানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।পরে ঢাকার জুরাইন কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেনকে দাফন করা হয়।ঢালী মোয়াজ্জেম হোসেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।মুক্তিযুদ্ধের সময় তিনি লৌহজং থানা মুক্তিবাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করেন।ঐতিহাসিক গোয়ালীমান্দ্রা যুদ্ধে কমান্ডার হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।মুক্তিযুদ্ধের পাশাপাশি দেশের গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল।
১৯৬৯ সালের আইয়ুববিরোধী আন্দোলনে তিনি জগন্নাথ কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দেন।দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি মুন্সীগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও মুক্তিযোদ্ধা মহলে শোকের ছায়া নেমে এসেছে।বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।