
শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবীবের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, ইউএনও কার্যালয়ের নাজির আবু বক্কর সিদ্দিকসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কৃষি, শিক্ষা, শিল্প ও সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং সম্পদের সর্বোচ্চ কার্যকর ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।