
সাপাহারে যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি
মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ (নওগাঁ):
নওগাঁর সাপাহারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার বংশবিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাপাহার উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে যুবদলের নেতাকর্মীরা সাপাহার সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চালানো হয়। কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি নিজেদের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। উপজেলা যুবদলের আহ্বায়ক আক্কাস আলীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল ও মিজানুর রহমান শাহ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন, সদস্য মাহফুজুল হক চৌধুরী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ শাহ চৌধুরী এবং হাসনাত রেজা।
এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটালেই হবে না; বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। বিশেষ করে পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তার হতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।