
সার সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ৫ মিনিট সময় চেয়েছেন মোখলেছুর রহমান।
আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।
দেশের বিভিন্ন এলাকায় সার বিতরণ ও বিক্রিকে ঘিরে চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মাত্র পাঁচ মিনিট কথা বলার সুযোগ চেয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান।
তার দাবি, দীর্ঘ বৈঠক কিংবা আনুষ্ঠানিক আলোচনার প্রয়োজন নেই। মাত্র পাঁচ মিনিট সরাসরি কথা বলার সুযোগ পেলেই তিনি সার বিতরণ ও বিক্রির বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধানের প্রস্তাব দিতে পারবেন।
মোখলেছুর রহমানের ভাষ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা প্রয়োজনীয় সার সংগ্রহ করতে গিয়ে নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হচ্ছেন। কোথাও সরবরাহের ঘাটতি, আবার কোথাও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষের অভিযোগ রয়েছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে এবং সময়মতো কৃষিকাজ পরিচালনা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
তিনি দাবি করেন, তার এই উদ্যোগের পেছনে কোনো রাজনৈতিক সুবিধা কিংবা ব্যক্তিগত স্বার্থ নেই। মাঠপর্যায়ে কৃষকদের দুর্ভোগ কমানো এবং সার বিতরণ ও বিক্রির ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ প্রত্যাশা করছেন।
এ প্রসঙ্গে মোঃ মোখলেছুর রহমান বলেন, “আমাকে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হলে আমি এমন একটি প্রস্তাব তুলে ধরতে চাই, যা বাস্তবায়ন করা গেলে সার বিতরণ ও বিক্রির সংকট স্থায়ীভাবে কমানো সম্ভব।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ মিনিট আলোচনার সুযোগ পেলে বাংলাদেশে আর কোনোদিন সার বিতরণ বা বিক্রিতে সংকট হবে না—ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ দিলাম। আর যদি তা করতে না পারি, সরকার বাহাদুর আমাকে ফাঁসি দেবেন।”
একই সঙ্গে তিনি গণমাধ্যমকেও তার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কোনো মিডিয়া যদি তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ করে দিতে পারে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
প্রত্যন্ত এলাকার একজন জনপ্রতিনিধি ও মাঠপর্যায়ের মানুষের এমন ব্যতিক্রমী দাবি ও সরাসরি চ্যালেঞ্জ ইতোমধ্যে আগ্রহ তৈরি করেছে। তবে তিনি যে সমাধান প্রস্তাবের কথা বলছেন, সেটি কী এবং বাস্তবে তা কীভাবে বাস্তবায়নযোগ্য—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
তার সঙ্গে যোগাযোগের জন্য WhatsApp: 01740918501 নম্বরে যোগাযোগ করা যেতে পারে।