
সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল হক ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গোয়ালা ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রুবেল হক বাড়ি থেকে বের হয়ে যান। এরপর রাতে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রাতভর খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে স্থানীয়রা গোয়ালা কদমডাঙ্গা গ্রামের আব্দুল বাকি’র আমবাগানের পশ্চিম পাশে রুবেল হককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তার পরিবার ও স্থানীয়দের জানানো হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ—তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।