
কালকিনিতে নিখোঁজের ৩ দিন পর খালে কাঠমিস্ত্রির লাশ, কোমরে বাঁধা ইট
পরিবারের দাবি, পূর্বশত্রুতায় পরিকল্পিত হত্যা
উজ্জ্বল মন্ডল
কালকিনি, মাদারীপুর।
মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের তিন দিন পর মোঃ আনোয়ার গোমস্তা (৬৫) নামে এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের কোমরে ইট বাঁধা ছিল বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।
নিহত আনোয়ার গোমস্তা সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের জানদের আলী গোমস্তার ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আনোয়ার গোমস্তা। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। তিন দিন পর রোববার সন্ধ্যায় আন্ডারচর খালে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে আনোয়ার গোমস্তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আলম বলেন, আনোয়ার গোমস্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।