
বিশেষ প্রতিবেদন
মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রম আরও স্বচ্ছ, কার্যকর এবং জবাবদিহিমূলক করতে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনা অনুযায়ী, মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ভিডিও ধারণ, জব্দ করা মালামাল নিরাপদে সংরক্ষণ, আপিল মামলা পরিচালনায় নির্দিষ্ট আইনজীবী নিয়োগ এবং প্রতিটি জেলায় চার সদস্যের মিডিয়া সেল গঠন করতে হবে।
গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। এর আগে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোবাইল কোর্টের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানের ভিডিও সংরক্ষণ বাধ্যতামূলক
পরিপত্রে বলা হয়েছে, মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রম ভিডিও ধারণ করতে হবে। ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জে.এম.) শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থায় সংরক্ষণ করতে হবে। ভিডিওর একটি কপি সংশ্লিষ্ট মিডিয়া সেলের কাছেও পাঠাতে হবে।
মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হলে প্রয়োজন অনুযায়ী এসব ভিডিও আপিল আদালতে সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে। এতে অভিযানের বিষয়ে তথ্য যাচাই এবং বিচারিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় প্রমাণ ব্যবহারের সুযোগ তৈরি হবে।
জব্দ করা মালামাল সংরক্ষণে বিশেষ ব্যবস্থা
জব্দ করা মালামাল যথাযথভাবে সংরক্ষণের জন্য প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে নিরাপদ কক্ষ বা স্থাপনা নির্ধারণ করতে বলা হয়েছে। এসব মালামাল গ্রহণ, সংরক্ষণ এবং প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তরের জন্য নির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দিতে হবে।
এ ছাড়া জব্দ করা মালামালের বিস্তারিত তথ্য সংরক্ষণে নির্ধারিত নমুনা অনুযায়ী রেজিস্টার রাখতে হবে। প্রতিটি এন্ট্রিতে সংশ্লিষ্ট সহকারী কমিশনারের স্বাক্ষর থাকতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতি মাসে অন্তত একবার সরেজমিনে মালামাল যাচাই করে রেজিস্টারে প্রতিস্বাক্ষর করবেন। পচনশীল বা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এমন মালামালের ক্ষেত্রে প্রচলিত বিধি অনুসরণ করে নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।
আপিল মামলা পরিচালনায় নির্দিষ্ট আইনজীবী
মোবাইল কোর্ট থেকে উদ্ভূত আপিল মামলায় সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং সহকারী পাবলিক প্রসিকিউটরদের মধ্য থেকে নির্দিষ্ট আইনজীবী দায়িত্ব দেবেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা মামলার অগ্রগতি এবং প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়কে জানাবেন। আপিল মামলার শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে ভিডিও সরবরাহ করবেন সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ কার্যক্রম সমন্বয় করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
প্রশিক্ষণ পাবেন মোবাইল কোর্ট সহকারীরা
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য জেলা ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানরা অধীনস্থ কর্মচারীদের মধ্য থেকে প্রয়োজনীয়সংখ্যক ব্যক্তিকে লিখিতভাবে মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেবেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে আগামী এক মাসের মধ্যে তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীদের তালিকাও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।
প্রতিটি জেলায় চার সদস্যের মিডিয়া সেল
জনসচেতনতা বাড়ানো এবং মোবাইল কোর্টের কার্যক্রম সম্পর্কে জনগণকে তথ্য জানাতে প্রত্যেক জেলায় চার সদস্যের একটি মিডিয়া সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক অথবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা তথ্য অফিসার বা সহকারী জেলা তথ্য অফিসার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার সদস্য হিসেবে থাকবেন। জে.এম. শাখার সিনিয়র বা সহকারী কমিশনার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
মিডিয়া সেলের দায়িত্ব হবে মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রমের ভিডিও, স্থিরচিত্র এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। প্রয়োজনে এসব উপকরণ সম্পাদনা করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যমসহ উপযুক্ত অন্যান্য মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে হবে।
এ কাজে জেলার অন্যান্য কর্মকর্তাদের সহায়তা নেওয়া যাবে। প্রয়োজন অনুযায়ী কারিগরি সেবাও ক্রয় করা যাবে। এ-সংক্রান্ত ব্যয় সরকারি বিধিবিধান অনুসরণ করে সংশ্লিষ্ট খাত থেকে নির্বাহ করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাগুলোও নিজস্ব ব্যবস্থাপনায় মিডিয়া সেল গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, মিডিয়া সেলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের ৩১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত পরিপত্রটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।
দৈনিক প্রভাতী বাংলাদেশ