
টেকনাফে অপহরণ মামলার প্রধান আসামিসহ দুই অপহরণকারী গ্রেফতার; র্যাব-১৫ এর অভিযানে সাফল্য
মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামিসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার (১৮ জুলাই) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ২৬ জুন ২০২৬ তারিখে সংঘবদ্ধ অপহরণকারী চক্র অস্ত্রের মুখে চারজন ভিকটিমকে অপহরণ করে টেকনাফের গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে তাদের প্রত্যেকের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণের টাকা আদায়ের উদ্দেশ্যে ভিকটিমদের ওপর নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়।ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ জুন ২০২৬ তারিখ বিকেল ২টা ৩০ মিনিটে সিপিসি-১, র্যাব-১৫ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়ের ভেতরে আটকে রাখা নির্যাতনের শিকার চারজন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা নং-০৪, তারিখ ১ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩৬৫/৩৮৫/৩৮৬/৩২৩/৩৭৯/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই জড়িতদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত ছিল।এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই ২০২৬ রাত ৯টা ২০ মিনিটে র্যাব-১৫-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোঃ রাসেল (২৮) এবং আরমান (২১)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ রাসেল (২৮), পিতা: মুহাঃ সুলতান আহম্মদ, সাং-রঙ্গীখালী (স্কুলের পাশে), হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।
আরমান (২১), পিতা: রশিদ আহমদ, মাতা: সানজিদা বেগম, সাং-জুম্মাপাড়া, রঙ্গীখালী, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। র্যাব-১৫ আরও জানায়, অস্ত্র, মাদক ও অপহরণসহ সব ধরনের অপরাধ নির্মূলে তাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।